
খুলনায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগটিতে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।


