সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিয়ে করলেও কি স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হন? | চ্যানেল খুলনা

স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিয়ে করলেও কি স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হন?

স্বামীর মৃত্যুর পর স্ত্রী অন্য কাউকে বিয়ে করলে আগের স্বামীর সম্পত্তিতে তাঁর উত্তরাধিকার থাকে না—সমাজে প্রচলিত এমন ধারণার কোনো ভিত্তি নেই ইসলামে। বরং স্বামীর মৃত্যুর সময় স্ত্রী বৈধ দাম্পত্য সম্পর্কে থাকলে তিনি উত্তরাধিকারী হিসেবে নির্ধারিত অংশের মালিক হন। পরবর্তী সময়ে অন্য কাউকে বিয়ে করলেও সেই অধিকার নষ্ট হয় না।

ইসলামি বিধান অনুযায়ী, স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলে তিনি তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হন। এ ক্ষেত্রে পরে তিনি বিয়ে করেছেন কি না, তা উত্তরাধিকার পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তাই পুনর্বিবাহের অজুহাতে কোনো নারীকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা শরিয়তসম্মত নয়।

কোরআনে স্ত্রীর উত্তরাধিকার

পবিত্র কোরআনের সুরা নিসার ১২ নম্বর আয়াতে স্বামী-স্ত্রীর উত্তরাধিকারের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্বামীর কোনো সন্তান থাকলে স্ত্রী তাঁর রেখে যাওয়া সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন। আর কোনো সন্তান না থাকলে স্ত্রী পাবেন চার ভাগের এক ভাগ। তবে এসব অংশ নির্ধারিত হবে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ ও বৈধ অসিয়ত কার্যকরের পর।

আয়াতটিতে বলা হয়েছে, ‘তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের সন্তান না থাকে। যদি সন্তান থাকে, তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পদের এক-চতুর্থাংশ, তাদের করা অসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর। তারা (স্ত্রীরা) তোমাদের রেখে যাওয়া সম্পদের চার ভাগের এক ভাগ পাবে, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পদের আট ভাগের এক ভাগ। তোমাদের করা অসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর।’ (সুরা নিসা, আয়াত ১২)

অর্থাৎ উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য হলো, স্বামীর মৃত্যুর সময় তাঁদের বৈধ দাম্পত্য সম্পর্ক বিদ্যমান ছিল কি না। পরবর্তী সময়ে স্ত্রী পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও মৃত স্বামীর সম্পত্তিতে তাঁর নির্ধারিত অংশ পাওয়ার অধিকার বহাল থাকে।

উত্তরাধিকার থেকে বঞ্চিত করা গুনাহ

ইসলামে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে ইমানদাররা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা নিসা, আয়াত ২৯)

অন্যদিকে আমানতের খেয়ানত না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহ ও রাসুলের সঙ্গে খেয়ানত করো না এবং জেনেশুনে পরস্পরের আমানতগুলো খেয়ানত করো না।’ (সুরা আনফাল, আয়াত ২৭)

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারের ‘প্রচলিত ভুল’ শিরোনামের একটি ফতোয়ায় বলা হয়েছে, স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই তিনি মিরাসের হকদার হন। পরে অন্য কোথাও বিয়ে করলেও উত্তরাধিকার পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে না। কোনো নারীকে এ কারণে মিরাস থেকে বঞ্চিত করা বড় ধরনের কবিরা গুনাহ। এতে একদিকে তাঁর প্রাপ্য সম্পদ আত্মসাৎ করা হয়, অন্যদিকে শরিয়তের বিধান লঙ্ঘন করা হয়।

ফতোয়াটিতে আরও বলা হয়েছে, স্বামীর মৃত্যুর পর বিধবাকে পুনর্বিবাহের সুযোগ না দেওয়া জাহেলি মানসিকতার বহিঃপ্রকাশ। এর সঙ্গে পুনর্বিবাহের কারণে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার মতো অন্যায় যুক্ত হলে তা আরও গুরুতর হয়ে ওঠে। কোনো বিধবার তত্ত্বাবধানে যাঁরা থাকেন, তাঁদের দায়িত্ব হলো বাস্তব কোনো বাধা না থাকলে তাঁর বিয়ের ব্যবস্থা করতে সহযোগিতা করা। সামাজিক প্রতিবন্ধকতাকে এ ক্ষেত্রে অজুহাত হিসেবে দেখানো উচিত নয়।

ইদ্দত শেষে বিয়ে করলেও অধিকার অক্ষুণ্ন

‘মুসলিম বাংলা’ ওয়েবসাইটের একটি ফতোয়াতেও বলা হয়েছে, স্বামীর সন্তান থাকলে স্ত্রী তাঁর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির আট ভাগের এক ভাগের মালিক হন। স্বামীর মৃত্যুর পর নির্ধারিত চার মাস ১০ দিনের ইদ্দত পালন শেষে অন্য কাউকে বিয়ে করলেও উত্তরাধিকার হিসেবে পাওয়া সম্পত্তির অধিকার নষ্ট হয় না।

সুতরাং স্বামীর মৃত্যুর সময় বৈধ দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকলে স্ত্রী তাঁর নির্ধারিত উত্তরাধিকার পাবেন। পুনর্বিবাহের কারণে সেই অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই। পরিবারের অভিভাবক ও উত্তরাধিকারীদের উচিত, বিধান অনুযায়ী তাঁর প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ইসলাম আরও সংবাদ

স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিয়ে করলেও কি স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হন?

আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক?

বড় হওয়ার পর নিজের আকিকা নিজে করা যাবে কি?

জিনা সম্পর্কে কোরআন-হাদিসে কী বলা হয়েছে, শাস্তির বিধান কী?

মেসেঞ্জারে সালাম দিলে জবাব দেওয়া কি ওয়াজিব?

নারীর আত্মরক্ষা ও সাহসিকতা নিয়ে ইসলামের শিক্ষা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।