সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সেঞ্চুরির রেকর্ড গড়তে পাকিস্তানকেই বেছে নিলেন মুশফিক | চ্যানেল খুলনা

সেঞ্চুরির রেকর্ড গড়তে পাকিস্তানকেই বেছে নিলেন মুশফিক

পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের বল দুই স্লিপের মাঝ দিয়ে চার মারের আগেই ধারাভাষ্যকক্ষে আতাহার আলী খান বললেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত বলটা চারই হয়েছে। মুশফিকুর রহিমও সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন। হেলমেটটা খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। পিচে এরপর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুশফিক। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরির রেকর্ড এখন নিজের করে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

সিলেটে আজ তৃতীয় দিনে চা পানের বিরতির পর সেঞ্চুরি করতে কেবল ১০ রান প্রয়োজন ছিল মুশফিকের। নার্ভাস নাইনটিতে এর আগে বারবার আউট হওয়ার ঘটনা থাকলেও এবার তিনি সাবধানে এগিয়েছেন। ১৫৫ বলে ৯০ রান করা মুশফিক যখন তিন অঙ্ক ছুঁয়েছেন, তখন তাঁর নামের পাশে বল ১৭৮। অর্থাৎ, সেঞ্চুরি করতে দ্বিতীয় সেশনের পর ২৮ বল খেলেছেন মুশফিক। এই সময় তিনি চার মেরেছেন দুটি।

যাঁরা খেলা দেখেছেন, তাঁরা আরও স্পষ্ট বুঝতে পারবেন সেঞ্চুরির আগে মুশফিক কতটা সাবধানী ছিলেন। বিশেষ করে ৮৫তম ওভারে আসা আব্বাসের বলে আউট হতে হতেও বেঁচে গিয়েছেন মুশফিক। সেই ওভারের প্রথম দুই বলে মুশফিক যেভাবে ব্যাকফুটে খেলছিলেন, তাতে বোল্ড হতে পারতেন। এমনকি অবস্ট্রাকটিং দ্য ফিল্ডও হতে পারতেন। তখন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারের রান ৯৯। সেই ওভারের তৃতীয় বলে দুই স্লিপের মাঝখান দিয়ে চার মেরে তিন অঙ্ক ছোঁয়ার আনন্দে উদযাপন শুরু করেন মুশফিক।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে এখন সমান তালে এগোচ্ছেন মুশফিক ও মুমিনুল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিকের সেঞ্চুরি এখন ১৪। মুমিনুল করেছেন ১৩ সেঞ্চুরি। তামিম ইকবাল টেস্টে করেছেন ১০ সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ৯। ছয়টি করে সেঞ্চুরি করেছেন লিটন দাস ও মোহাম্মদ আশরাফুল।

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করতে উইকেটের চারপাশে খেলেছেন মুশফিক। কাভার ড্রাইভ, স্লগ সুইপ, স্কয়ার ড্রাইভ—ক্রিকেটের ব্যাকরণ মেনে সম্ভাব্য সব শটই খেলেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ১৮০ বলে ১০৪ রান করে অপরাজিত। ৯ চার ও এক ছক্কা মেরেছেন। ৪০.৩৮ শতাংশ রান তিনি করেছেন বাউন্ডারিতে। ৩৯ বছর বয়সী মুশফিক যখন অর্ধেকের বেশি রান দৌড়ে নিয়েছেন, তাতেই বোঝা গেল তিনি ফিটনেস নিয়ে কতটা কাজ করছেন। এতটুকু পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভারে বাংলাদেশ ৬ উইকেটে ৩২৫ রান করেছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই বিদায় বলেছেন মুশফিক। খেলে যাচ্ছেন শুধু টেস্ট। এই এক সংস্করণে নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। সবশেষ ছয় ইনিংসের চারটিতেই ফিফটি করেছেন। যার মধ্যে দুটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। গত বছরের নভেম্বরে মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছিলেন তিনি। এবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে করেছেন ৭১ ও ২২ রান। সিলেটে প্রথম ইনিংসে ২৩ রান করলেও জ্বলে উঠেছেন দ্বিতীয় ইনিংসেই।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।