
৮ বছর পর ঘরের মাঠে সাফ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্ট নিয়ে প্রত্যাশাও প্রতিনিয়ত বাড়ছে। লক্ষ্য ২৩ বছর ধরে অধরা ট্রফিটি নিজের করে নেওয়া। কোচ টমাস ডুলিও সেই লক্ষ্যে এগোচ্ছেন।
আজ ভুটানের থিম্পুতে হয়েছে সাফের ১৫তম আসরের ড্র। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
সাফের অধীনে নেপাল থাকলেও আপাতত ফিফার নিষেধাজ্ঞায় আছে তারা। তাই টুর্নামেন্টে তাদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদি নির্দিষ্ট সময়সীমার আগে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তবেই খেলতে পারবে সাফে। সেক্ষেত্রে তাদের রাখা হবে বাংলাদেশের।
তিন বছর আগে সাফের গত আসরে কুয়েত ও লেবানন খেললেও এবার কোনো অতিথি দল থাকছে না। গ্রুপে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে সেমিফাইনালে।
ঢাকায় ৪ নভেম্বর শুরু হবে সাফ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে। সেটাও ২০০৩ সালে। এরপর দুবার সাফ আয়োজন করলেও চ্যাম্পিয়নের স্বাদ পায়নি।
সাফের গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান
গ্রুপ বি: ভারত, মালদ্বীপ, পাকিস্তান


