নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। এমন ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। টস জয়ের পর ল্যাথাম বলেছেন, ‘আমরা আবারো ব্যাটিং করতে যাচ্ছি। আগের দিনের তুলনায় এই পিচটি কিছুটা ভিন্ন মনে হচ্ছে, তবে ভেতরের দিকটা এখনো বেশ শুষ্ক। তাই আশা করছি গত ম্যাচের মতোই এটি আচরণ করবে।’ দলের পারফরম্যান্সে সন্তুষ্টি কি না প্রশ্নে তার কথা, ‘মনে হয় আমাদের লক্ষ্য সবসময় থাকে সামনে যা আছে সেটার সর্বোচ্চটা দিয়ে খেলা। অবশ্যই, সিরিজ জয়ের একটি বড় হাতছানি আছে আমাদের সামনে, কিন্তু আমরা জানি সেই লক্ষ্যে পৌঁছানোর আগে এখনো অনেক চড়াই-উতরাই পার করতে হবে।
তাই এই ধরনের পিচের সাথে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় গত ম্যাচে ছেলেরা দারুণভাবে সেটা করতে পেরেছিল।’ দলে কোনো পরিবর্তন নেই বললেন তিনি, ‘আমরা একই দল নিয়ে খেলছি।’বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমি মনে করি প্রতিটা সময় সবার জন্যই এটি একটি দারুণ সুযোগ। আমরা প্রথম ম্যাচটি হেরেছি এবং এটি আমাদের জন্য কঠিন ছিল, তবে আমাদের এখনো জেতার বড় সুযোগ রয়েছে। যদি আমরা ভালো খেলি, তবে নিশ্চিতভাবেই আমরা শিখতে পারব। দল হিসেবে আমরা অতীতে খুব ভালো করেছি এবং আমি আত্মবিশ্বাসী কারণ আমাদের পেস বোলিং আক্রমণ খুবই শক্তিশালী।’ দলে একটি পরিবর্তনের কথা জানান তিনি, ‘আমাদের একটি পরিবর্তন আছে। আফিফের পরিবর্তে সৌম্য সরকার খেলছে।’ বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোর্কে, জেইডেন লেনক্স।


