
যশোরের আদালত চত্বরে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। বিস্ফোরক আইনে করা এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন সুজলপুর গ্রামের মনিরুজ্জামান লাবলু, ভগবতীপুর এলাকার লাভলু, চাঁচড়া রায়পাড়ার কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার ডালিম হোসেন, চাঁচড়া রায়পাড়ার সম্রাট ও তানভির, ষষ্ঠীতলা পাখিপট্টির হৃদয়, রেলস্টেশন মাদ্রাসাপাড়ার ভোমর বাপ্পি, পুলেরহাটের আইজুল, খড়কী কলাবাগানপাড়ার তুহিন ও শিপন ভাগ্নে, রেলগেট পশ্চিমপাড়ার দেলো, খড়কী কলাবাগানপাড়ার মোহন আলী, চাঁচড়া রায়পাড়ার ব্ল্যাক মামুন, বেজপাড়া শ্রীধর পুকুরপাড়ের অমিত কর্মকার, কাজীপাড়া কাঁঠালতলার আবুজার হোসাইন, শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশের ইকবাল বাদশা রনি, শংকরপুর দুলালের মোড়ের সুমন, শংকরপুর ৭ নম্বর ওয়ার্ডের আবির এবং ছোটনের মোড়ের জাফর।
পুলিশ জানায়, ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এসআই রাইসুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি খবর পান, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেন।
পরে রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে থেকে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ একটি হাতবোমা নিক্ষেপ করা হয়। সেটি ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। যশোরের শান্তিশৃঙ্খলা নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তাঁরা এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন বলে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। রাতভর অভিযানে আটক হয়েছেন আটজন।


