মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)। তাঁরা দুজন বন্ধু ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপ এলাকায় বন্ধুদের সঙ্গে মদপান করেন তাঁরা। পরে দুজনই অসুস্থ হয়ে পড়েন। আলমগীরকে বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেন। অন্যদিকে, অসুস্থ বিধানকেও ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনেরই মৃত্যু হয়।
বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, বিষাক্ত বা অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



