
বাগেরহাটের ফকিরহাট গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে শিং মাছ চাষ প্রদর্শনী খামারিদের বিনামূল্যে শিং মাছের পোনা, গাছের চারাসহ বিভিন্ন প্রকারের উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন চত্ত্বরে এসব সুফলভোগী খামারীদের মাছের পোনা, গাছ ও বিভিন্ন প্রকারের উপরকণ বিতরণ করেন প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। এসময় ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড়, মাঠ সহায়ক সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাস, মোস্তাহিদ বিল্লাহ, জিল্লুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবং সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে এদিন ৬জন খামারিদের মাঝে প্রতিজনকে ৬ হাজার শিং মাছের পোনা, ৯ প্রকারের সবজির বীজ, ২ প্রকারের ফিড, ১ বস্তা করে জৈব সার এবং বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরন করা হয়েছে।
এসময় কর্মকর্তারা বলেন, গৃহস্থালির কাজে ব্যবহৃত পুকুরে দেশি শিং মাছের উৎপাদন বৃদ্ধি ও খামারিদের স্বাবলম্বী করতে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে শিং মাছের পোনা বিতরণ করা হয়।


