
বাংলা নববর্ষের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল)। পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। দিনটিকে বর্ণিল আয়োজনে বরণ করে নেন বাঙালিরা। প্রতি বছরই রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় এই উৎসবকে ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। আর এই আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। জাঁকজমকপূর্ণ সাজ আর বাঙালিয়ানায় নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে। সাদা রঙের শাড়িতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া যেন বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ।
শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি তাকে এনে দিয়েছে বাংলাদেশি লুক। গলায় পরেছেন জমকালো গয়না, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে রাজকীয় আভা।
ছবির ক্যাপশনে অভিনেত্রী তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।


