
দেশের ওটিটি অঙ্গনের জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’ নিয়ে আবারও পর্দায় ফিরছেন অভিনেতা নাসির উদ্দিন খান। চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনের শুটিং শুরু হয়েছে। তবে এবার সিরিজটিতে শায়লা চরিত্রে দেখা যাবে না রাফিয়াত রশিদ মিথিলাকে। তাঁর পরিবর্তে অভিনয়ে যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা।
২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর নির্মাতা শিহাব শাহীন এটি নিয়ে নির্মাণ করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় গত বছর মুক্তি পায় দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে সিরিজটির তৃতীয় অধ্যায়। আগের মতোই নাম ভূমিকায় থাকছেন নাসির উদ্দিন খান।
আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গে শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে নতুন সিজনে তাঁর জায়গায় দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।
এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা শিহাব শাহীন বলেন, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর তিনি নিশ্চিত করতে পারবেন না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকে তথ্য জানানো হবে।
চরকির একটি বিশ্বস্ত সূত্রও সিরিজটির তৃতীয় সিজনে প্রভার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মিথিলার পরিবর্তে প্রভাকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। এসব কাজে ব্যস্ত থাকায় দেশে এসে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
এ মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও এতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবিসহ আরও অনেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।


