
ব্যস্ত জীবনে নিয়মিত ব্যায়ামের সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দিনে মাত্র পাঁচ মিনিট নাচও শরীর ও মনের সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রিয় গানের তালে কয়েক মিনিট নেচে নিলেই বাড়তে পারে শরীরচর্চার পরিমাণ, কমতে পারে মানসিক চাপ এবং ভালো হতে পারে মেজাজ।
বিশেষজ্ঞদের মতে, নাচ একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম। এতে শরীরের বিভিন্ন পেশি একসঙ্গে কাজ করে, হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা বাড়ে এবং ক্যালরি খরচ হয়। নিয়মিত অল্প সময় নাচলেও শরীর সচল থাকে এবং দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষতিকর প্রভাব কিছুটা কমানো সম্ভব।
নাচের সময় শরীরে এন্ডোরফিন ও ডোপামিনের মতো ‘ফিল-গুড’ রাসায়নিক নিঃসরণ বাড়ে। ফলে উদ্বেগ ও মানসিক চাপ কমতে পারে এবং মন প্রফুল্ল থাকে। যারা কর্মব্যস্ততার কারণে ক্লান্তি অনুভব করেন, তাদের জন্যও কয়েক মিনিটের নাচ হতে পারে সহজ একটি মানসিক স্বস্তির উপায়।
এ ছাড়া নাচ শরীরের ভারসাম্য, নমনীয়তা এবং সমন্বয় ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য রক্ষা এবং চলাফেরার দক্ষতা ধরে রাখতেও নিয়মিত নাচ উপকারী হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, পাঁচ মিনিট নাচ দীর্ঘমেয়াদি ব্যায়ামের বিকল্প নয়। তবে যারা ব্যায়াম শুরু করতে চান বা সময়ের অভাবে নিয়মিত শরীরচর্চা করতে পারেন না, তাদের জন্য এটি একটি ভালো সূচনা হতে পারে। ধীরে ধীরে সময় বাড়িয়ে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রম করার পরামর্শ দেওয়া হয়।
তবে যাদের হৃদ্রোগ, জয়েন্টের জটিলতা বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তারা নতুন কোনো ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।


