
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
ইউএনও জাকির মুন্সী জানান, পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে মজুত যাচাই করে। এ সময় পাম্পে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ইউএনও আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


