পাকিস্তান সুপার লিগে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লাহোর কালান্দার্স। হারতে হারতে জিততে ভুলে যাওয়া রাওয়ালপিন্ডিজের বিপক্ষে তারা তিন ম্যাচের জয়খরা কাটাল গতকাল (শনিবার)। টেবিলের শেষ দুটি স্থান সাত ও আটে থাকা দুই দল মুখোমুখি হয়েছিল করাচিতে। লাহোর ৩২ রানে হারিয়েছে রাওয়ালপিন্ডিজকে, যে দলের হয়ে চলতি মৌসুমে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ খেলতে এখন বাংলাদেশে আছেন রিশাদ। প্রথম ম্যাচে ৪৪ রান খরচায় ২ উইকেট নেন। দেশে ফেরার আগে পিএসএলে চার ম্যাচ খেলে মাত্র দুটি উইকেট নেন লেগস্পিনার। তিন ইনিংস ব্যাট করে সর্বোচ্চ ৩ রান। রিশাদের মতো রাওয়ালপিন্ডিজও এবার ব্যর্থ। সাত ম্যাচ খেলে গতকাল সপ্তম হারে সবার আগে ছিটকে গেছে তারা।
আরও তিন ম্যাচ বাকি। তার আগেই শেষ হয়ে গেল রাওয়ালপিন্ডিজের টুর্নামেন্ট। লাহোর আগে ব্যাট করে ২১০ রান করে। চার উইকেট হারায় তারা। ফখর জামান ও মোহাম্মদ ফারুকের ১২১ রানের উদ্বোধনী জুটিতে বড় ইনিংস গড়ে দলটি। ফখর ৫৪ বলে ৮৪ রান করেন। ফারুকের ৬৩ রান এসেছে ৪১ বলে, পাঁচটি করে চার ও ছয় ছিল। রাওয়ালপিন্ডির হয় দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও রাজাউল্লাহ। রাওয়ালপিন্ডিজের হয়েও দুই ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। ইয়াসির খান ৫৮ ও সাদ মাসুদ ৫৪ রান করলেও অন্য ব্যাটাররা হতাশ করেছেন। শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজা ইকোনমি রেট ছয়ের আশেপাশে রেখে দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিকান্দার একটি ও শাহিন দুটি উইকেট নেন। সর্বোচ্চ তিন উইকেট নেন হারিস রউফ। উসামা মির ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


