
খুলনার খালিশপুরে তাঁতীদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো: রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি মো: রনি ওরফে ন্যাটা রনি।
হত্যাকাণ্ডের পর থেকে সে পালিয়ে বিভিন্নস্থানে অবস্থান করে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬ জানতে পারে এ মামলার সন্দেহভাজন আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্টান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া রনির বিরুদ্ধে হত্যাসহ ৬ মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।


