
খুলনা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভলান্টিয়ার শিক্ষক প্রেরণসহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কেওআইসিএ)-এর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কোরিয়ান ভাষা শিক্ষা প্রোগ্রামের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরবর্তীতে তাঁরা উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কোরিয়ান ভাষা শিক্ষা প্রোগ্রামে কোরিয়ান ভলান্টিয়ার শিক্ষক প্রেরণের বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা তুলে ধরা হয়। উপাচার্য এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনায় ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি জোরদারের বিষয়ও গুরুত্ব পায়। কেওআইসিএর পক্ষ থেকে তাদের চলমান বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রাম সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক আন্তঃসংযোগ বৃদ্ধি করে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।
কেওআইসিএ প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বাংলাদেশ ও ভুটানের প্রোগ্রাম ম্যানেজার সুজং ক্যাং এবং বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মীম নূর হোসেন তুর্য। সৌজন্য সাক্ষাৎ শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অতিথিদের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। কেওআইসিএর পক্ষ থেকেও উপাচার্যকে স্মারক উপহার প্রদান করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইসমত কাদির উপস্থিত ছিলেন।


