
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নীলগ্রাম বিলে অভিযান চালিয়ে ৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার সকালে উপজেলার হিড়িমদিয়া এলাকার নীলগ্রাম বিলে দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে এ ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।
অভিযানকালে নীলগ্রাম বিল থেকে মাছের প্রজনন ও বংশবিস্তারে ক্ষতিকর ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা।
পরে জালগুলো হিড়িমদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ভেড়ামারা থানার এএসআই নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বাসসকে বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। দেশীয় মাছের অস্তিত্ব রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


