
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করে এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা পরিচালনা করা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
সতর্কবার্তায় বলা হয়, ওই আইনের ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা কিংবা পরিশোধ সেবা দিতে পারে না। একই আইনের ৩৭(১) ধারায় এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মানুষের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে এসব অনুমোদনহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা ও সেখানে লেনদেন থেকে বিরত থাকা উচিত।
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা ২২টি প্ল্যাটফর্ম হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।


