![]()
স্মার্টওয়াচে আলাদা সেলুলার প্ল্যান ছাড়াই জরুরি নিরাপত্তা সুবিধা ব্যবহারের সুযোগ সীমিত করতে যাচ্ছে গুগল। ২০২৬ সালের শেষ নাগাদ পিক্সেল ওয়াচের ‘সেইফটি সিগনাল’ ফিচারের সমর্থন পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এতে ফিচারটির ওপর নির্ভরশীল ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গুগলের এই ফিচারের মাধ্যমে স্মার্টওয়াচে নিজস্ব সেলুলার বা ওয়্যারলেস প্ল্যান না থাকলেও জরুরি নিরাপত্তাসেবা ব্যবহারের সুযোগ পাওয়া যেত। এর আওতায় জরুরি এসওএস, পড়ে গেলে শনাক্ত করার সুবিধা এবং জরুরি যোগাযোগের নম্বরে কল করার মতো গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করা সম্ভব হতো।
গুগলের এলটিই-সমর্থিত পিক্সেল ওয়াচ ২ ও পিক্সেল ওয়াচ ৩ মডেলে ‘সেইফটি সিগনাল’ সুবিধা চালু ছিল। এখন ধীরে ধীরে এই দুই মডেল থেকেই ফিচারটির সমর্থন সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগল জানিয়েছে, বর্তমান ব্যবহারকারীদের ইমেইল ও পুশ নোটিফিকেশনের মাধ্যমে পরিবর্তনের বিষয়ে আগাম জানানো হবে। নোটিফিকেশনে উল্লেখ করা তারিখ থেকে ৩০ দিনের একটি পরিবর্তনকালীন সময়ের মধ্যে ফিচারটি ব্যবহারের সুযোগ থাকবে। তবে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সেইফটি সিগনালের সব সুবিধা ও এতে প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ফিচারটি বন্ধ হলেও জরুরি নিরাপত্তাসেবাগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাবে না। স্মার্টওয়াচটি ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকলে কিংবা ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকলে এসব সুবিধা ব্যবহার করা যাবে। এ ছাড়া ঘড়িতে কোনো মোবাইল অপারেটরের সক্রিয় সেলুলার সংযোগ বা ডেটা প্ল্যান থাকলেও জরুরি ফিচারগুলো আগের মতো ব্যবহার করা সম্ভব হবে।


