সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাফে ভারতের আধিপত্য, নানা ভুলে ফাইনালের বাইরে বাংলাদেশ | চ্যানেল খুলনা

সাফে ভারতের আধিপত্য, নানা ভুলে ফাইনালের বাইরে বাংলাদেশ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আবারও শিরোপা জিতেছে ভারত। তুলনামূলক দুর্বল দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে তারা। ভারতের শিরোপা ধরে রাখা ও পাকিস্তানের প্রথমবার ফাইনালে ওঠার পাশাপাশি ঘরের মাঠে বাংলাদেশের সেমিফাইনাল থেকে বিদায়ও এবারের আসরের বড় আলোচনার বিষয়।

নানা ভুলে ফাইনাল অধরা বাংলাদেশের

২০০৫ সালের পর আর সাফের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে ২০০৩ সালের মতো শিরোপা জয়ের প্রত্যাশা থাকলেও সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

তিন ম্যাচে বাংলাদেশের তিন রকম পারফরম্যান্স দেখা গেছে। ভুটানের বিপক্ষে জয় পেলেও ভালো ফুটবল খেলতে পারেনি দল। হামজা যোগ দেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় তুলে নিয়ে দারুণ ফুটবল খেলেছিল বাংলাদেশ। কিন্তু ৭২ ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে ছন্দ হারিয়ে ফেলে দল। প্রতিপক্ষের কৌশলের কাছে অসহায় হয়ে পড়ায় কোচিং স্টাফের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে।

২০ জনের দল নিয়েই চ্যাম্পিয়ন ভারত

ফিফা উইন্ডোর বাইরে সাফ শুরু হওয়ায় ভারতের অনেক খেলোয়াড় ক্লাব থেকে ছাড়পত্র পাননি। মূল দল তখন নিউজিল্যান্ডে। ফলে দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকায় আসেন কোচ নওশাদ মুসা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৭ জন খেলোয়াড় নিয়ে মাঠে নেমেও ৩-২ গোলে জেতে ভারত।

পরবর্তী সময়ে কয়েকজন খেলোয়াড় দল ছাড়লেও শেষ পর্যন্ত ২০ জনের স্কোয়াড নিয়েই মালদ্বীপ, ভুটান ও ফাইনালে খেলেছে ভারত। সীমিত ও অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েও শিরোপা জয় দক্ষিণ এশিয়ার ফুটবলে দেশটির এগিয়ে থাকার প্রমাণ দিয়েছে।

পাকিস্তানের ফুটবলে নতুন সম্ভাবনা

এবারের সাফে পাকিস্তান শুরু থেকেই ভালো ফুটবল খেলেছে। প্রথম দুই ম্যাচে পূর্ণশক্তির দল না পেলেও বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠে নামে তারা। প্রবাসী কয়েকজন মানসম্পন্ন ফুটবলারের অন্তর্ভুক্তিতে দলটির পারফরম্যান্সে উন্নতি দেখা যায়।

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে পাকিস্তান। ফাইনালে শুরুতে এগিয়ে গেলেও ভিএআরের সিদ্ধান্তে লাল কার্ডের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দলটি।

ঘরোয়া ফুটবল শক্তিশালী করার তাগিদ

প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি জাতীয় দলকে শক্তিশালী করতে পারে, তবে শুধু তাঁদের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি সাফল্য সম্ভব নয়। ফাইনালে হারের পর পাকিস্তানের কোচ নেলবার্তো সোলানোও ঘরোয়া ফুটবলের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন।

তাঁর মতে, ১৫-২০ জন প্রবাসী ফুটবলার এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান নয়। স্থানীয় খেলোয়াড়দের পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে এবং ঘরোয়া প্রতিযোগিতার মান বাড়াতে হবে।

পাকিস্তানের ঘরোয়া লিগ অনিয়মিত, বাংলাদেশের লিগ নিয়মিত হলেও মান নিয়ে প্রশ্ন রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের ঘরোয়া লিগ তুলনামূলক উন্নত। সাফে ভারতের দ্বিতীয় সারির খেলোয়াড়দের পরিপক্বতায়ও এর প্রভাব দেখা গেছে।

ভিএআরের ইতিবাচক ব্যবহার

এবারের সাফে অন্যতম ইতিবাচক দিক ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর লাইট পদ্ধতি ব্যবহার করা হয়, যা থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে।

ফাইনালে পাকিস্তানের এক খেলোয়াড়ের পেছন থেকে করা ট্যাকলকে ফাউল বিবেচনা করে ভিএআরের সহায়তায় লাল কার্ড দেন রেফারি। এরপর ১০ জনের দলে পরিণত হওয়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফেরে ভারত। বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে অবশ্য ভিএআরের প্রয়োজন হয়নি।

ভারত-পাকিস্তান ম্যাচে সৌহার্দ্য

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের ক্রীড়া সম্পর্কেও দূরত্ব রয়েছে। তবে সাফে দুই দলের খেলোয়াড় ও কোচদের মধ্যে আন্তরিকতা দেখা গেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে করমর্দনের পাশাপাশি ফাইনালেও একে অপরকে সম্মান জানিয়েছে দুই দল।

শিরোপা জয়ের পর ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তান দলকে সম্মান জানায়। পাকিস্তানের খেলোয়াড়েরাও ভারতকে অভিনন্দন জানান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই ম্যাচেও খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের অসৌজন্যমূলক আচরণ দেখা যায়নি।

টিকিটের দাম ও আয়োজন নিয়ে প্রশ্ন

আট বছর পর ঢাকায় সাফ আয়োজন হলেও টিকিটের দাম নিয়ে অসন্তোষ ছিল দর্শকদের। গ্রুপ পর্বেই সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা নির্ধারণ করায় অনেক ফুটবলপ্রেমী মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি। বাংলাদেশের ম্যাচে গেট ভাঙার ঘটনাও ঘটে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাও সামনে আসে।

এবার সাফ তাদের বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে আয়োজনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। বিভিন্ন বিষয়ে বাফুফে ও সাফ একে অপরের ওপর দায় চাপিয়েছে। ফলে টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বাংলাদেশ নেই, সাফ ফাইনালের টিকিট ১ হাজার থেকে নেমে ২০০ টাকা

পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘কোচ চাইলে অধিনায়ক হব’, হামজার চোখ সাফ শিরোপায়

হৃদয়ের অপরাজিত ২৪২, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড বাংলাদেশের

সংস্কারকাজে অনিশ্চিত দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।