
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে একই আদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিল সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার বিরোধীদলের আপত্তির মধ্যে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর বিরোধীদলীয় সদস্যদের প্রস্তাবও নাকচ হয়ে যায়।
বিল পাসের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য এর বিরোধিতা করেন। শফিকুর রহমান বলেন, র্যাবের প্রতিষ্ঠার পর দেশের অভিজ্ঞতা সুখকর নয় এবং বাহিনীটির নেতিবাচক দিক নিয়ে বিশ্বও উদ্বিগ্ন হয়েছিল। তাঁর দাবি, র্যাব পুনর্গঠনের নয়, বিলুপ্তির দাবি ছিল।
তবে বিএনপির সংসদ সদস্য ও ২০০৪ সালে র্যাব গঠনের সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, র্যাবের নেতিবাচক দিক থাকলেও এ ধরনের একটি বাহিনী এখনো প্রয়োজন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন করা হচ্ছে সমাজের চাহিদার কারণে। অপরাধ দমনে ভবিষ্যতে সাইবার অপরাধ আইন সংশোধন ও পুলিশ বিভাগের অধীনে সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের কথাও জানান তিনি।


