
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী নাজিফা তুষি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের ১২তম এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবে তিনি ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেছেন।
এ নিয়ে ‘রইদ’ সিনেমার জন্য দ্বিতীয়বার আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন তুষি। এর আগে কানাডার ১২তম মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পান তিনি।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তুষি বলেন, পুরস্কারের আশায় তিনি কাজ করেন না; চরিত্রটি যথাযথভাবে পর্দায় তুলে ধরাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তবে এই স্বীকৃতি অভিনেত্রী হিসেবে তাঁর দায়বদ্ধতা আরও বাড়িয়েছে।
‘রইদ’ সিনেমায় তুষির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। সিনেমাটি ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইগার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র। এ ছাড়া সিয়াটল, ডানাং ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ছবিটি।


