
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে যত দ্রুত সম্ভব শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকার নজরদারি রাখছে।
এদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। কয়েকটি স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়াও হয়েছে।
ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, চুক্তি নবায়নের জন্য বাংলাদেশ প্রস্তুত থাকলেও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে চুক্তিটি নবায়নের সম্ভাবনাও দেখছেন না তিনি।
জাহেদ উর রহমান বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের কোনো সম্পর্ক নেই।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড বরদাশত করবে না। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসম্ভব কম বলপ্রয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি।


