সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিরপুরে বিক্ষোভের মধ্যে পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর | চ্যানেল খুলনা

মিরপুরে বিক্ষোভের মধ্যে পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

সড়কের পাশের একটি বাসার বারান্দা থেকে ঘটনাটি ভিডিও করেন এক নারী। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে কয়েকজন সদস্য মিরপুর-১২-এর বি ব্লকের ৪/২ নম্বর সড়কে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়েন।

ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বিক্ষোভকারীরা চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা আশ্রয়ের জন্য বিভিন্ন বাসা ও দোকানে প্রবেশ করেন। তবে এক পুলিশ সদস্য নিরাপদ আশ্রয়ে যেতে না পেরে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মুখে পড়েন। পরে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়।

সুপারশপের এক কর্মীও ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ কিছু লোকজন পুলিশকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে। পরে আমরা দোকানের শাটার বন্ধ করে দোতলায় চলে যাই। এরপর কী হয়েছে, তা ঠিক জানি না।’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার তৌহিদুল আরিফ। তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা মিরপুর-১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়েছিল। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তৌহিদুল আরিফের দাবি, বর্তমানে মাঠে অবস্থানকারীদের সবাই প্রকৃত পোশাকশ্রমিক কি না, তা নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। তাঁদের বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কতজন সদস্য আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এই কর্মকর্তা। তিনি বলেন, তিনি তখনো ঘটনাস্থলে ছিলেন। আহত ও গ্রেপ্তার ব্যক্তিদের সঠিক সংখ্যা পরে জানা যাবে।

সড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। কোথাও কেউ অবস্থান করছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

সকালে এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও দেখেছেন বলেও জানান তৌহিদুল আরিফ। তাঁর ভাষ্য, ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনকারীদের পরিচয় এবং তাঁদের পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের দাবি রাশেদ খানের

‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ : তাসনিম জারা

স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন, আইনশৃঙ্খলার খবর নেই: শফিকুর রহমান

আ.লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রিজভী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।