সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মানুষ ও প্রাণীদের রুহ কবজ করেন কি একই মৃত্যুর ফেরেশতা? | চ্যানেল খুলনা

মানুষ ও প্রাণীদের রুহ কবজ করেন কি একই মৃত্যুর ফেরেশতা?

মৃত্যু অবধারিত। পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারও পক্ষে মৃত্যুকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নির্ধারিত সময় এলে এক মুহূর্তও আগে-পরে হওয়ার সুযোগ থাকে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

মানুষ যেখানেই থাকুক, মৃত্যু একদিন তাকে স্পর্শ করবেই। নিরাপদ দুর্গ কিংবা সুরক্ষিত আশ্রয়ও মৃত্যুর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে না। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘তোমরা যেখানেই থাক (একদিন না একদিন) মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গেই থাক না কেন।’ (সুরা নিসা, আয়াত: ৭৮)

মৃত্যুর সময় কারও জানা নেই। তাই একজন মুমিনের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘প্রত্যেক সম্প্রদায়ের জন্য এক নির্দিষ্ট সময় আছে। যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে পড়ে, তখন তারা এক মুহূর্তও বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।’ (সুরা আরাফ, আয়াত: ৩৪)

কেয়ামতের দিন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ, জিন, প্রাণী ও ফেরেশতা—সবাই মৃত্যুবরণ করবে। কেবল আল্লাহ তাআলাই চিরঞ্জীব থাকবেন।

মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা

ইসলামি বিশ্বাস অনুযায়ী, প্রাণিকুলের রুহ বা আত্মা কবজ করার দায়িত্ব আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়েছেন। তাঁকে বলা হয় মালাকুল মাওত বা মৃত্যুর ফেরেশতা। আল্লাহর নির্দেশে তিনি প্রাণিকুলের মৃত্যুর দায়িত্ব পালন করেন।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে।’ (সুরা সাজদা, আয়াত: ১১)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘অবশেষে যখন তোমাদের কারও কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত দূতরা তার মৃত্যু ঘটায়। আর তারা কোনো ত্রুটি করে না।’ (সুরা আনআম, আয়াত: ৬১)

এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আবি হাতেম ও ইবনে আবি শায়বা (রহ.) হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, এখানে ‘প্রেরিত দূত’ বলতে রুহ কবজের সময় মালাকুল মাওতের সঙ্গে থাকা সহকারী ফেরেশতাদের বোঝানো হয়েছে। হজরত রবি ইবনে আনাস (রহ.)-এর বর্ণনা অনুযায়ী, রুহ কবজের সময় একদল ফেরেশতা মালাকুল মাওতকে সহায়তা করেন। তবে মূল দায়িত্ব পালন করেন মালাকুল মাওত। রুহ কবজের পর তা রহমত বা আজাবের ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়।

মানুষ ও অন্যান্য প্রাণীর রুহ কি একই ফেরেশতা কবজ করেন?

মানুষ ও জিনের রুহ মালাকুল মাওত কবজ করেন—এ কথা অনেকেরই জানা। তবে প্রশ্ন হলো, মানুষ ও জিন ছাড়া অন্যান্য প্রাণী, যেমন মশা, পাখি কিংবা গবাদিপশুর প্রাণও কি একই ফেরেশতা কবজ করেন?

এ বিষয়ে হাদিস ও ইসলামি মনীষীদের বক্তব্যে একই দায়িত্বের কথা পাওয়া যায়। একটি বর্ণনায় এসেছে, একবার মালাকুল মাওত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে বলেন, ‘আমি আল্লাহর অনুমতি ছাড়া একটি মশার প্রাণও নিজ ইচ্ছায় গ্রহণ করতে পারি না।’

ইমাম কুরতুবি (রহ.) এই বর্ণনা থেকে বুঝিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেক জীবের প্রাণ গ্রহণের দায়িত্ব মৃত্যুর ফেরেশতাকে দিয়েছেন।

ইমাম মালেক (রহ.)-কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, প্রাণীদের রুহ কে কবজ করেন? উত্তরে তিনি জানতে চান, প্রাণীদের কি প্রাণ আছে? প্রশ্নকারী সম্মতি জানালে তিনি বলেন, মালাকুল মাওতই তাদের প্রাণ কবজ করেন।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়।’ (সুরা যুমার, আয়াত: ৪২)। অন্য আয়াতে এ দায়িত্বের জন্য তাঁর প্রেরিত দূতদের কথা উল্লেখ করা হয়েছে।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বর্ণনা অনুযায়ী, মালাকুল মাওতের অনেক সহকারী ফেরেশতা রয়েছেন। তাঁরা দেহ থেকে রুহ বের করে আনেন। রুহ কণ্ঠনালীর কাছে পৌঁছালে মালাকুল মাওত তা কবজ করেন। (তাফসিরে ইবনে কাসির)

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ইসলাম আরও সংবাদ

স্ত্রীর অনুমতি ছাড়া মোবাইল ঘাঁটাঘাঁটি করা কি ইসলামে বৈধ?

স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিয়ে করলেও কি স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হন?

আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক?

বড় হওয়ার পর নিজের আকিকা নিজে করা যাবে কি?

জিনা সম্পর্কে কোরআন-হাদিসে কী বলা হয়েছে, শাস্তির বিধান কী?

মেসেঞ্জারে সালাম দিলে জবাব দেওয়া কি ওয়াজিব?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।