
যশোরের শার্শা উপজেলায় ভারতে পাচারের সময় ২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৫ গ্রাম।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় সড়ক থেকে জালাল উদ্দিনকে আটক করা হয়। তাঁর শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়।
আটক জালাল উদ্দিন পিরোজপুরের জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাশেম আলী শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করে জালাল উদ্দিনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারটি যশোর কাস্টমসের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।


