
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন ঘিরে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে কাউন্সিলরদের চিত্র। বিসিবির অ্যাডহক কমিটি এরই মধ্যে ১৯২ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছে বোর্ড। বিসিবি সংবিধানের ১২.৭ ধারা অনুযায়ী অ্যাসোসিয়েশন, ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে এই কাউন্সিলর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বিসিবি নির্বাচনে ভোটার হিসেবে থাকবেন এই ১৯২ কাউন্সিলর। এর মধ্যে ক্যাটাগরি ‘এ’ বা জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ৭১ জন, ক্যাটাগরি ‘বি’ বা ঢাকা ক্লাব থেকে ৭৬ জন এবং ক্যাটাগরি ‘সি’ বা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থা থেকে ৪৫ জন কাউন্সিলর থাকবেন।
ঢাকার ক্লাব ক্যাটাগরিতে কয়েকটি বড় নাম এরই মধ্যে আলোচনায় এসেছে। আবাহনী থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন মাসুদুজ্জামান এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে আসিফ রব্বানী সিরাজ কাউন্সিলর হয়েছেন বলে জানা গেছে। আর ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
এ ছাড়া ব্রাদার্স ইউনিয়ন থেকে ইশরাক হোসেন, ইন্দিরা রোড ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে তানজিল চৌধুরী। এর মধ্যে ফাহিম সিনহা ও তানজিল চৌধুরী বর্তমান অ্যাডহক কমিটির সঙ্গেও যুক্ত।
জেলা-বিভাগীয় ও অন্যান্য ক্যাটাগরিতেও আছে পরিচিত মুখ। চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে আছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সিরাজউদ্দিন আলমগীর।
সাবেক ক্রিকেটার ক্যাটাগরিও এবার বেশ আলোচিত। এই ক্যাটাগরিতে হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়ের, সৈয়দ রাসেল, নাজমুল ইসলাম, নাফিস ইকবাল, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও নাঈম ইসলামের নাম জানা গেছে। তাদের মধ্যে হাবিবুল, সুজন, নাফিসরা দেশের ক্রিকেট প্রশাসন ও নির্বাচনি আলোচনায় আগে থেকেই পরিচিত মুখ।
বিসিবির এবারের নির্বাচন ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছে অ্যাডহক কমিটির ভূমিকা নিয়েও। বর্তমান অ্যাডহক কমিটি থেকে অন্তত সাতজন নির্বাচন করবেন বলে ক্রিকেটাঙ্গনে আলোচনা আছে। তবে কারা শেষ পর্যন্ত পরিচালক পদে মনোনয়ন জমা দেবেন, সেটি মনোনয়ন প্রক্রিয়া শুরু হলে আরও পরিষ্কার হবে।
২০২৫ সালের বিতর্কিত বিসিবি নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগের পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর অ্যাডহক কমিটির অধীনে নতুন নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছে।


