
২০২৬ বিশ্বকাপের সব অর্থাৎ ১০৪ ম্যাচ দেখার জন্য একজন ফুটবলভক্তকে নিয়োগ দেবে তারা। চাকরির বেতন ৫০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা।
ফক্স স্পোর্টস, ফক্স ওয়ান ও চাকরির প্ল্যাটফর্ম ইনডিড মিলে এই বিশেষ পদের নাম দিয়েছে ‘FOX One Chief World Cup Watcher Hired Through Indeed’। নির্বাচিত ব্যক্তি ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ৩৯ দিনের টুর্নামেন্টে ফক্স স্পোর্টসের কাভারেজে সব ম্যাচ সরাসরি দেখবেন। ম্যাচগুলো দেখানো হবে ফক্স ওয়ানে ৪কে স্ট্রিমিংয়ে।
ফক্স স্পোর্টসের মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিয়েব বলেছেন, ‘এই ফিফা বিশ্বকাপ ঐতিহাসিক একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে, যার জন্য সমান ঐতিহাসিক নিয়োগ দরকার।’
তার মতে, যিনি এই লোভনীয় চাকরির জন্য নির্বাচিত হবেন তিনি জীবনের সেরা কাজটি করার সুযোগ পাবেন, যেখানে তিনি বিশ্বকাপের প্রতিটি গল্প, প্রতিটি দেশ ও প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করবেন।
এই পদে আগ্রহীদের ইনডিড প্রোফাইল ১৭ মে পর্যন্ত হালনাগাদ করতে বলা হয়েছে। আবেদনকারীদের প্রোফাইলে রিপোর্টিং, সাংবাদিকতা ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতা সামনে আনতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট একটি ভিডিও পোস্ট করে জানাতে হবে কেন এই চাকরির জন্য তিনিই সঠিক ব্যক্তি। ভিডিওর সঙ্গে ব্যবহার করতে হবে #ChiefWorldCupWatcher হ্যাশট্যাগ।
নির্বাচিত ব্যক্তির কাজ শুরু হবে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে, ৬ জুন। সেদিন ফক্সের বস্টন রেড সক্স বনাম নিউইয়র্ক ইয়াঙ্কিজ ম্যাচ সম্প্রচারের সময় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। কাজ শেষ হবে ২৬ জুলাই, অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর।
২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল খেলবে এই টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলিয়ে ১৬টি শহরে হবে ১০৪ ম্যাচ।


