
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আবারও পিছিয়েছে।
মঙ্গলবার রায় ঘোষণার দিন থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ৩১ আগস্ট রায়ের নতুন তারিখ নির্ধারণ করেন।
রায় পেছানোয় ক্ষোভ প্রকাশ করে আছিয়ার মা আয়েশা বেগম বলেন, ‘আমি আসামির ফাঁসি চাই। ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না।’
২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
আছিয়া ২০২৫ সালের ৫ মার্চ ধর্ষণের শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়।


