সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন | চ্যানেল খুলনা

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক স্থাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে Japanese NAT (Japanese Language NAT-Test) -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম NAT টেস্ট সাইট হিসেবে নতুন এক দিগন্তের সূচনা করলো। এই উদ্যোগ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী দক্ষ কর্মীদের জন্য আন্তর্জাতিক সুযোগকে আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে আসবে।

জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের জন্য NAT-Test আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত একটি পরীক্ষা, যা জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে জাপানে দক্ষ মানবসম্পদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চাকরিপ্রত্যাশী জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনের সুযোগ অনুসন্ধান করছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীদের NAT পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকায় যেতে হতো, যা সময়, ব্যয় এবং ভোগান্তির কারণ ছিল। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট চালুর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, বিদেশগামী কর্মী এবং জাপানে অধ্যয়ন বা কর্মসংস্থানে আগ্রহীরা নিজ অঞ্চলে থেকেই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই অর্জনকে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সরকারের ভাষাভিত্তিক মানবসম্পদ তৈরির দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী, গবেষক, তরুণ পেশাজীবী এবং আন্তর্জাতিক শ্রমবাজারমুখী দক্ষ কর্মীদের বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দৃশ্যমানতা ও বৈশ্বিক সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ও গবেষণার উৎকর্ষতাই নয়, আন্তর্জাতিক সংযোগ ও বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রেও ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করে চলেছে। NAT -এর অফিসিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বিশেষ করে বাংলাদেশের ঢাকার বাইরে প্রথম NAT টেস্ট সাইট হওয়া দেশের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এটি বিশেষত জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বর্তমান সরকারের দক্ষ মানবসম্পদ উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

প্রসঙ্গত, জাপানি ভাষার NAT-TEST পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kyouiku Publishing এর প্রেসিডেন্ট ও ডিরেক্টর সাতোশি কামাতা এর সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সমন্বয় করে আসছিল। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ১৩ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয় সফর করেন এবং বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপনের সম্ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সফরকালে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়কে NAT-এর একটি অফিসিয়াল পরীক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সফল আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং এর মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে NAT -এর Official Test Site হিসেবে স্বীকৃতি লাভ করে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও বৈশ্বিক সংযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। NAT টেস্ট সাইট প্রতিষ্ঠা সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে শুধু আন্তর্জাতিক শিক্ষার সুযোগ নয়; বরং জাপানসহ বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সম্ভাবনাও তৈরি হবে। দেশের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং বিদেশগামী দক্ষ কর্মীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরবর্তী NAT পরীক্ষার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহী পরীক্ষার্থীরা এখনই নিবন্ধন করতে পারবেন। জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে এমন সকল আগ্রহী ব্যক্তি, শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার সময়সূচি, নিবন্ধন এবং বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের NAT -এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম https://nat-test.ku.ac.bd এর মাধ্যমে পাওয়া যাবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন

খুবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও বিসিএসও’র খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।