
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভুয়া ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা ওই মাদ্রাসার শিক্ষার্থী।
আটক ব্যক্তিরা হলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম জানান, তিনজনকে ভুয়া ভোট দেওয়ার চেষ্টার সময় হাতেনাতে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভুল্লীতে ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন।
নির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।


