
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা না করেই নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি—এমন তথ্য প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক সাইট ক্রিকবাজ। বিষয়টি বিসিবিকে বিব্রত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জ্যোতির নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নিয়ে আলোচনা শুরু করেছে বিসিবি। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় এসেছে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
চলমান এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়বেন জ্যোতি। তবে ওয়ানডে দলের নেতৃত্ব তিনি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিবিকে ই-মেইলে জানিয়েছেন তিনি।
২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান জ্যোতি। তাঁর অধিনায়কত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই আসরে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসালও করেন তিনি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে অবশ্য আলোচনা হয়েছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত থাকলেও পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশিত ফল পায়নি দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে দুটি জয় পায় বাংলাদেশ।
বিসিবির একটি সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, নতুন অধিনায়ক নির্বাচনের আলোচনায় নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম রয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাঁদের অভিজ্ঞতা ও অবস্থান বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।
তবে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যেই বিসিবির ভাবনা সীমাবদ্ধ নেই। ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ ক্ষেত্রে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবিয়া খান ও অলরাউন্ডার স্বর্ণা আক্তারের নামও আলোচনায় আসতে পারে। তবে এই মুহূর্তে তাঁদের ওপর জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া কিছুটা আগেভাগে হয়ে যেতে পারে বলে মনে করছে বোর্ডের একটি অংশ।
এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রধান কোচ সরোয়ার ইমরানের জায়গায় সাবেক বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের কোচ ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ২১ সেপ্টেম্বর সেমিফাইনালে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগার সুলতানার শেষ ম্যাচ হতে পারে।


