
ফুটবল মাঠে অসম্ভবকে সম্ভব করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, ইতালির ক্লাব নাপোলিকে তুলেছিলেন সাফল্যের শিখরে। কিন্তু তাঁর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অপরাধমূলক দায় ছিল কি না, ছয় বছরেও সেই প্রশ্নের মীমাংসা হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২২ ডিসেম্বর আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুসংক্রান্ত মামলার ছয় অভিযুক্তের রায় ঘোষণা করবেন আদালত।
২০২০ সালের ২৫ নভেম্বর মাত্র ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসের উপকণ্ঠে তিগ্রের একটি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর ফুসফুসেও তরল জমেছিল।
ম্যারাডোনার মৃত্যু ঠেকানো সম্ভব ছিল কি না, সেই প্রশ্ন থেকেই শুরু হয় তদন্ত। রাষ্ট্রপক্ষের অভিযোগ, চিকিৎসার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা ও সমন্বয়হীনতার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যুর আগের দিনগুলোতে অবস্থার অবনতি হলেও শেষ প্রায় ১২ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়নি।
২০২৫ সালের ১১ মার্চ ম্যারাডোনার মৃত্যুসংক্রান্ত মামলার বিচার শুরু হয়। তবে বিচারক জুলিয়েতা মাকিনতাচের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়ে অনুমোদনহীন তথ্যচিত্র নির্মাণে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর জেরে ২৯ মে বিচারপ্রক্রিয়া বাতিল হয়ে যায়।
চলতি বছরের ১৪ এপ্রিল নতুন করে বিচার শুরু হয়। ছয় মাসের বেশি সময়ে ৫১টি শুনানিতে ৭০ জনের বেশি সাক্ষী সাক্ষ্য দেন। গত ২২ অক্টোবর মামলার শুনানি শেষ হয়। সাত অভিযুক্তের মধ্যে চিকিৎসক পেদ্রো দি স্পানিয়াকে ইতিমধ্যে খালাস দিয়েছেন আদালত।
বাকি ছয়জনের ভাগ্য নির্ধারিত হবে আগামী ২২ ডিসেম্বর। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত নিউরোসার্জন লেওপোলদো লুকের ১২ বছরের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। বাসায় চিকিৎসাসেবা সমন্বয়ের দায়িত্বে থাকা ন্যান্সি ফোরলিনির ১০ বছর এবং মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসাচভের আট বছরের কারাদণ্ডের আবেদন করা হয়েছে।
এ ছাড়া মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজের পাঁচ বছর এবং নার্সিং সমন্বয়ক মারিয়ানো পেরোনি ও নার্স রিকার্দো আলমিরনের চার বছর করে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
তবে লুকে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। অন্যদিকে কোসাচভ আদালতে জানিয়েছেন, ম্যারাডোনাকে সাহায্য করার জন্য নিজের সাধ্যের সবটুকু করেছেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত আরেক নার্স দাহিয়ানা মাদ্রিদের বিচার হবে পৃথকভাবে।
বিচারের অপেক্ষায় ম্যারাডোনার পরিবার
বাবার মৃত্যুর ছয় বছর পরও স্বাভাবিকভাবে শোক পালনের সুযোগ পাননি ম্যারাডোনার মেয়ে জানা। মৃত্যুবার্ষিকীর আগে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আগের বিচারপ্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ায় এবারও তাঁর মনে শঙ্কা ছিল। তবে নতুন করে শুরু হওয়া বিচার নিয়ে সন্তুষ্ট তিনি। আসন্ন রায় অন্তত বাবাকে হারানোর শোক কাটিয়ে ওঠার সুযোগ করে দেবে বলে আশা করছেন জানা।
ম্যারাডোনার মৃত্যুর পর ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফুটবলের এই কিংবদন্তিকে ছাড়াই একের পর এক আনন্দের উপলক্ষ পেয়েছেন দেশটির সমর্থকেরা। কিন্তু প্রিয় তারকার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের অপেক্ষা শেষ হয়নি। আগামী ২২ ডিসেম্বরের রায় সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।


