
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ ও উনি-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়নের কথা জানানো হয়েছে। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


