
গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে চারটি নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন জনপ্রিয় এই বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্মে এখন গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা, নতুন সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে।
নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা পিন করে রাখার সময়সীমা তুলে দেওয়ার সুযোগ। আগে কোনো বার্তা পিন করার সময় নির্দিষ্ট মেয়াদ নির্বাচন করতে হতো। এখন ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা ছাড়াই বার্তা চ্যাটের শীর্ষে রাখতে পারবেন। সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য দীর্ঘ সময় সবার নজরে রাখার ক্ষেত্রে এটি কাজে আসবে।
গ্রুপে নতুন সদস্য যুক্ত হলেও আগের আলোচনা বুঝতে সুবিধা হবে। নতুন সদস্য যোগ দেওয়ার পর তাঁর নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক কথোপকথনের কিছু বার্তা শেয়ার করতে পারবেন গ্রুপের অন্য সদস্যরা। এতে পুরো চ্যাটের ইতিহাস ঘেঁটে আগের আলোচনা বুঝতে হবে না নতুন সদস্যকে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এভাবে শেয়ার করা বার্তাগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় সুরক্ষিত থাকবে।
আরেকটি নতুন সুবিধায় নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করা যাবে। এত দিন ব্যবহারকারীর নির্ধারিত গোপনীয়তা সেটিংস অনুযায়ী পরিচিত ব্যক্তিরা স্ট্যাটাস দেখতে পেতেন। নতুন ব্যবস্থায় কোনো স্ট্যাটাস শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে। তাঁরা ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সাধারণ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর এসব আপডেট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
এ ছাড়া গ্রুপে মেনশন করা বা কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলো আলাদাভাবে খুঁজে পাওয়ার সুবিধা যুক্ত হচ্ছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের মেনশন করা বার্তা এবং অন্যদের দেওয়া উত্তর সহজেই দেখতে পারবেন। গ্রুপের সব সদস্যকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@all’ যুক্ত বার্তাও এই ফিল্টারের আওতায় থাকবে। এতে অসংখ্য বার্তার ভিড়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পুরো কথোপকথন ঘাঁটতে হবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তাই সব ব্যবহারকারী একই সময়ে এসব সুবিধা নাও পেতে পারেন।


