
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে তিনি ট্রাফিক সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, জীবনে ও পেশাগত দায়িত্ব পালনে পরিবর্তন আনতে হলে প্রথমে চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে হবে। ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাস বাড়ায় এবং কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার শক্তি দেয়।
তিনি আরও বলেন, সাফল্য কখনো চূড়ান্ত নয় এবং ব্যর্থতা কোনো শেষ কথা নয়। প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাওয়ার সাহসই প্রকৃত শক্তি। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
ট্রাফিক সদস্যদের উদ্দেশ্যে তিনি নিজ নিজ দায়িত্ব, দক্ষতা ও সম্ভাবনার ওপর আস্থা রাখার আহ্বান জানান। নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ২০ জন কনস্টেবল, ৫ জন এটিএসআই, ৪ জন সার্জেন্ট এবং ১ জন টিএসআইকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার জানান, ভবিষ্যতেও ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার কার্যক্রম অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে।


