সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপ-৩১-এর ফাঁকে তারেক-আলবানিজ বৈঠক, গুরুত্ব পেল তিন ইস্যু | চ্যানেল খুলনা

কপ-৩১-এর ফাঁকে তারেক-আলবানিজ বৈঠক, গুরুত্ব পেল তিন ইস্যু

জলবায়ু সংকট মোকাবিলা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে দুই সরকারপ্রধানের এ বৈঠক হয়। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।

বৈঠকে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি। কপ-৩১-এর আলোচনা এগিয়ে নিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের সম্ভাবনা নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়। তারেক রহমান জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য বিভিন্ন খাতে সুযোগ রয়েছে। কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে।

রোহিঙ্গা সংকটের সমাধানে অস্ট্রেলিয়ার আরও সক্রিয় ভূমিকা চান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। এ জন্য অস্ট্রেলিয়ার কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি। তাঁর মতে, সংকটের সৃষ্টি মিয়ানমারে হওয়ায় এর টেকসই সমাধানও দেশটিতেই করতে হবে।

জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পরিবেশ রক্ষায় দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানো এবং খাল খননের কর্মসূচির কথাও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে জানান তিনি।

বৈঠকে তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে দেশটি সফরের আগ্রহ প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।