
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল ও নম্বরপত্র দেখতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো EIIN নম্বর ব্যবহার করে ফলাফলের পূর্ণাঙ্গ শিট ডাউনলোড করতে পারবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে লিখতে হবে: HSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও ২০২৬। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। যেমন: HSC DHA 123456 2026।
পুনর্নিরীক্ষণের আবেদন
ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন ও ফি জমার নিয়ম শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে জানানো হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।


