
উচ্ছেদ বন্ধ ও যথাযথ পুনর্বাসনের দাবিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন হকাররা। মঙ্গলবার (১০ নভেম্বর) খুলনা মহানগর হকার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীসহ কয়েক শ হকার অংশ নেন।
বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেওয়ায় কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাঁরা কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভে হকার নেতারা বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ছোট ছোট দোকান বসিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন ছিন্নমূল হকাররা। এটিই তাঁদের একমাত্র আয়ের উৎস। কিন্তু গত কয়েক সপ্তাহে ডাকবাংলা, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বিভিন্ন এলাকায় তাঁদের উচ্ছেদ করা হয়েছে।
নেতাদের দাবি, প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে খুলনা সফরের সময় এসব উচ্ছেদ অভিযান সাময়িকভাবে চালানো হচ্ছে বলে তাঁদের জানানো হয়েছিল। কিন্তু সফর শেষ হওয়ার পরও আগের মতো ব্যবসা করার সুযোগ ফিরিয়ে দেওয়া হয়নি।
তাঁরা বলেন, সড়ক ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের ব্যবহারের জন্য—এ বিষয়ে তাঁরা একমত। তবে যেসব স্থানে হকাররা ব্যবসা করেন, সেখানে পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট জায়গায় বসেন বলে তাঁদের দাবি।
হকার নেতাদের ভাষ্য, তাঁদের দোকানের প্রধান ক্রেতা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সীমিত আয়ের এসব মানুষ প্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে হকারদের কাছ থেকে কেনেন। তাই হকারদের ব্যবসা বন্ধ হয়ে গেলে তাঁদের জীবিকার পাশাপাশি নগরবাসীর সাশ্রয়ী কেনাকাটার সুযোগও ক্ষতিগ্রস্ত হবে।
হকারদের চার দফা দাবির মধ্যে রয়েছে—খালিশপুর, দৌলতপুর ও ডাকবাংলাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় আগের মতো ব্যবসা করার সুযোগ দেওয়া, কথায় কথায় উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদের সময় মালামাল নষ্ট বা লুটপাট না করা এবং হকাররা কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে সিটি করপোরেশনের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, ‘আজ আমরা স্মারকলিপি দিয়েছি। এরপরও দাবি মানা না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সভাপতি ছালেহ মোহাম্মাদ তালহা, সাধারণ সম্পাদক মো. সানু, বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী, টিইউসি নেতা এস এম চন্দনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
স্মারকলিপি গ্রহণ করে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুব শিগগিরই বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


