সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প | চ্যানেল খুলনা

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

ইরানের কেশম দ্বীপে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সীমিত সামরিক হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে হামলা ও আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের একটি ছোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী।

তিনি বলেন, ‘আমরা ছোটখাটো হামলা চালাই। তারা একটি ছোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি প্রায় ১৫ মিনিটের মধ্যে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।’

ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করে। হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপ তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি কৌশলগত এলাকা।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

দ্বীপটিতে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সামগ্রিক পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। আল-জাজিরাকে সেন্টকমের এক কর্মকর্তা জানান, তাঁরা এ-সংক্রান্ত খবর সম্পর্কে অবগত। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে তথ্যদাতাদের স্থানান্তরের সুযোগও দেওয়া হবে। কর্মসূচির স্থাপনা, সরঞ্জাম, সংশ্লিষ্ট ব্যক্তি, বিশেষ করে বিজ্ঞানী এবং এসবের স্থানান্তর-সংক্রান্ত তথ্য চেয়েছে ওয়াশিংটন।

এর আগে সোমবার ইরানের সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর প্রকাশ করেছিল। একই সময়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘প্রতিরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একাধিকবার বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর প্রশাসনের আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’ আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সম্ভাব্য চুক্তির শর্ত বা আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে বলে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এ ধরনের দাবি কেবল তাদের স্বার্থ রক্ষা করে, যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চায়।

এর আগে শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক উন্মুক্ত সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি জানান, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংকট অমীমাংসিত অবস্থায় ফেলে রাখা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাঁরা কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উত্তেজনা কমানোর বিষয়ে মার্কিন প্রশাসনের আন্তরিক সদিচ্ছা রয়েছে। সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে মধ্যস্থতার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তেহরানের কিছু বিচক্ষণ ব্যক্তির ভূমিকার কারণে পরিস্থিতির আরও অবনতি ঠেকানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন কাতারের প্রধানমন্ত্রী।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর ইরানে শুক্রবারের হামলাটি ছিল প্রথম সামরিক হামলা। নির্বাচনে দলের খারাপ ফলের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে একদিকে হুমকি দেওয়া, অন্যদিকে যুদ্ধের সমাধান কাছাকাছি বলে ইঙ্গিত দেওয়ার মধ্যে বারবার অবস্থান পরিবর্তন করছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তিনি বলেন, ইরানের বাকি অংশ ‘ধ্বংস’ করতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তা শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার দ্য নিউইয়র্ক টাইমসকে পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা জানান, ট্রাম্পের নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবারও শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং এক ডজনের বেশি যুদ্ধজাহাজে হাজার হাজার বিমান ও নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে তাঁরা জানান।

ট্রাম্পের পক্ষ থেকে পূর্ণমাত্রার সামরিক অভিযানের সম্ভাবনার ইঙ্গিতের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান। ফলে একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে আলোচনার অগ্রগতির দাবি—দুইয়ের মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংকটের পরবর্তী গতিপথ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি : জয়সওয়াল

কাতারের বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়, দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে যা জানা গেল

রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, আগুন ধরল দুই তেলবাহী ট্যাংকারে

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।