
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে আগের সরকারের সময়ে সংস্থাটির সঙ্গে সম্মত হওয়া ঋণের শর্তগুলো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের স্বার্থ বিবেচনায় সমন্বয় করতে চায় সরকার। এ বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া শেষ হতে পারে বলে আশা করছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আইএমএফের কঠোর শর্তযুক্ত ঋণ কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে আমির খসরু বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের কাজ চলছে। একইভাবে আইএমএফের সঙ্গেও আলোচনা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এসব সমন্বয় সম্পন্ন হলে ঋণ কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণ কর্মসূচি বাতিল কিংবা সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত সরকারের নেই। কর্মসূচির বিভিন্ন শর্ত ও বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তাদের আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
আগের সরকারের সঙ্গে আইএমএফের ঋণ চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আমির খসরু বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কর্মসূচির মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এ কারণে দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য আইএমএফের ঋণ কর্মসূচি বন্ধ করা নয়; বরং দেশের সামর্থ্য ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তা বাস্তবায়ন করা। মতপার্থক্যপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দুটি ওয়ার্কিং গ্রুপের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
অর্থ বিভাগ ও এডিবির যৌথ আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ-২০২৬’ শুরু হয়েছে। দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।


