
কুষ্টিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, মানবপাচার ও নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য সীমান্তে জনবল, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন ব্যবহার করা হচ্ছে।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় এ কার্যক্রম চলছে। সীমান্তে সার্চলাইট ও এলইডি বাতি স্থাপনের পাশাপাশি নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করেছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় রাতে স্থানীয়দের নিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। মাইকিং ও সচেতনতামূলক সভার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সতর্ক করা হচ্ছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে তাঁরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। সীমান্ত আলোকিত রাখতে এলইডি বাতি ও দূর থেকে পর্যবেক্ষণের জন্য সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে।
তিনি বলেন, সীমান্তে সদস্যসংখ্যা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও সন্ধ্যার পর বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিচ্ছেন। গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তার জন্য চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
কুষ্টিয়া জেলায় নাশকতা এড়াতে ব্যাটালিয়ন সদরেও রিজার্ভ প্লাটুন রাখা হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি অধিনায়ক।


