
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ।
শুক্রবার সকালে প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগে বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে।
বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে বিজিবি সদস্যরা স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেন। পরে বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের ভূখণ্ডে অবৈধ প্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


