
সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’-এর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের কাঠামোর বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমেই সন্ত্রাস দমন সম্ভব।
সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিচারপ্রার্থী জনগণ যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়েও প্রশাসনকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, সন্ত্রাস দমনে প্রচলিত আইনই যথেষ্ট। আইন প্রয়োগের বাইরে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা খুলনা জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আইনমন্ত্রীকে অবহিত করেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
সভায় খুলনা বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা জেলার বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এ সময় আদালতে মামলাজট কমাতে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ জেলার অন্যান্য বিচারক উপস্থিত ছিলেন।


