
শিক্ষা সফরের অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় তাঁরা কেএমপি হেডকোয়ার্টার্সে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
এ সময় পুলিশ কমিশনার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিধি সম্পর্কে অবহিত করেন। পরে কেএমপির কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পুলিশ কমিশনার নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধারণ করে জনগণের সেবায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


