
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে দাবি করেছেন স্বজনরা।
রায় ঘোষণার পর রংপুরের পীরগঞ্জের বাবনপুরের জাফরপাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাঈদের বাবা-মা ও স্বজনরা।
আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘দুজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন—এতে আমরা সন্তুষ্ট নই। আরও অনেকের কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।’
মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও ইন্ধনদাতাদের সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়নি।
চাচাতো ভাই ও মামলার সাক্ষী রুহুল আমিন বলেন, ‘ঘটনাটি প্রকাশ্যে ঘটলেও রায়ে তার পূর্ণ প্রতিফলন নেই। যারা সরাসরি জড়িত ছিল, তাদের অনেকেই কম সাজা পেয়েছে।’
পরিবারের দাবি, প্রকৃত অপরাধীদের আড়াল করে অপেক্ষাকৃত কম দায়ীদের শাস্তি দেওয়া হয়েছে। তারা এ রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন চান।


