
নাটোরে চটপটি বিক্রেতা মহরম আলী হত্যার ঘটনায় তারই ছেলে মাইন উদ্দীন সিয়ামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পারিবারিক বিরোধের জেরে বাবাকে হত্যার উদ্দেশ্যেই সিয়াম ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন এলাকা থেকে সিয়ামকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মহরম আলীর মৃত্যুর পর থেকেই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে ডিবি পুলিশ। তদন্তের একপর্যায়ে পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে।
তিনি বলেন, ঘটনার দিন ভোরে ঢাকা থেকে বাড়িতে আসা মহরমের মেজ ছেলে সিয়ামের ওপর সন্দেহ হলে তাকে খুঁজতে অভিযান চালানো হয়। পরে কাফুরিয়া ইউনিয়ন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সিয়াম তার বাবাকে হত্যার কথা স্বীকার করেন। হত্যায় ব্যবহৃত রক্তাক্ত দা বাড়িতে থাকা একটি চার্জার ভ্যানের চালকের আসনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সিয়ামের অভিযোগ ছিল- তার বাবা সম্পত্তি বিক্রি করে তাদের বঞ্চিত করার চেষ্টা করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে মহরম আলীকে নিজ বাড়িতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ


