
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক—খেতাবের চেয়েও বড় অর্জন হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এ গৌরব সবার জীবনে আসে না। তাই বীর মুক্তিযোদ্ধারা জাতির কাছে অনন্য।
মুক্তিযুদ্ধে লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ২০০১ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করেছিল। মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের গৌরব সমুন্নত রাখতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।


