সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম | চ্যানেল খুলনা

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণ এবং রাজনৈতিক সহিংসতার কারণে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে দাবি করেছেন তিনি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে পাঁচ জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সরকারদলীয় অন্তঃকোন্দলে কয়েকশ মানুষ আহত ও নিহত হয়েছেন বলে তারা মনে করছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনে দলীয়করণ হয়েছে এবং তা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানাবে জোট।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াই আদর্শিক। তবে দলটির পরাজয়ের পরও বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের সহযোগীরা রয়েছে বলে দাবি করেন তিনি। তাদের বিরুদ্ধেও লড়াই অব্যাহত থাকবে বলে জানান নাহিদ।

তিনি বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ শক্তি বিভিন্নভাবে একাকার হয়ে গেছে। এসব শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাংবাদিকদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পুলিশের নিজেদের দায় সাংবাদিকদের ওপর চাপানো উচিত নয়। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই পুলিশের দায়িত্ব। সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেছেন। তাদের প্রকাশিত তথ্যে ভুল থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে পুলিশের প্রধান দায়িত্বশীল পদে থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন মন্তব্য করা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি।

মাদক সিন্ডিকেট প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের একটি অংশ এর সঙ্গে জড়িত। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না বলে দাবি করে তিনি বলেন, আগে আওয়ামী লীগ এবং এখন বিএনপি এ ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে তারা মনে করেন। সিন্ডিকেট ভেঙে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে না পারলে মাদক নির্মূল সম্ভব হবে না।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর গুলি চালানো ও মারধরের ঘটনা ঘটছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হয়নি। সত্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে সরকারের সমালোচকদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে তারা উদ্বিগ্ন। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যমের পাশে থাকার কথা জানান তিনি। এসব বিষয় সংসদেও তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।

ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশে এ খাতে কার্যকর সংস্কার হয়নি এবং ব্যাংকের প্রতি জনগণের আস্থা এখনো ফিরে আসেনি। মানুষ তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রাখতে আস্থা পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর বক্তব্যে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রূপরেখা পাওয়া যায়নি। ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে ঋণখেলাপি রয়েছেন বলেও মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ব্যাংকিং খাতের সংকট কাটবে না এবং মানুষের আস্থাও ফিরবে না। রাজনৈতিক সহযোগিতায় ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারের প্রবণতা বন্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১১ দলীয় জোট জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছিল এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে ভূমিকা পালন করছে। গণভোটের দাবি ও জাতীয় বিভিন্ন ইস্যুতে জোটগত কর্মসূচি থাকলেও এনসিপির নিজস্ব রাজনীতি, নীতি-আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আলাদা।

তিনি বলেন, জাতীয় স্বার্থে এবং সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে জোটের শরিকরা একসঙ্গে কাজ করতে পারেন। তবে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আলাদাভাবে অংশ নেবে। এর মাধ্যমে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই তাদের লক্ষ্য।

প্রেস ব্রিফিং শেষে পাঁচ জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ দক্ষিণ) আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ পাঁচ জেলার নেতারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের দাবি রাশেদ খানের

‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ : তাসনিম জারা

স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন, আইনশৃঙ্খলার খবর নেই: শফিকুর রহমান

আ.লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রিজভী

নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীরা আন্দোলনের নামে নাটক করছে: রিজভী

বিএনপি নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।