দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) তাদের প্রয়াত পরিবেশক মো. আবুল কাশেমের উত্তরাধিকারীর (স্ত্রী) হাতে ১০ লাখ টাকার মৃত্যুবিমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। চেক গ্রহণকালে মরহুমের ছেলে ও ছোট ভাই উপস্থিত ছিলেন। পরিবেশক ও তাদের পরিবারের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসএসজি ২০১৫ সালের নভেম্বর থেকে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসির সহযোগিতায় জীবনবিমা ও স্বাস্থ্যবিমা সুবিধা চালু করে। এই সুরক্ষাকবচের আওতায় থাকাকালীন পরিবেশক মো. আবুল কাশেম গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। তার শোকসন্তপ্ত পরিবারের ভবিষ্যৎ পথচলা মসৃণ করতে এসএসজি দ্রুততম সময়ে এই বিমা দাবি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করে। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের (এসএসজি) ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আখতার আহমেদ। চেক হস্তান্তরকালে এসএসজির ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রিয়জন হারানোর শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়।
তবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি শোকসন্তপ্ত পরিবারের আর্থিক নিরাপত্তায় কিছুটা হলেও সহায়ক হয়, তবেই আমাদের উদ্যোগ সার্থক হবে। এসএসজি পরিবার সবসময় তার অংশীজনদের কল্যাণে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে এসএসজির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন— প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ তোফায়েল আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদী আব্দুল মজিদ, ডিরেক্টর খন্দকার গোলাম আজম ও মো. সাখাওয়াত হোসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সুবীর কুমার দাস ও মো. হোসাইন শাহনেওয়াজ। শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিতরণ কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম কায়সার, নির্বাহী সহ-সভাপতি ও অপারেশন প্রধান ডা. জুবায়ের আহমেদ এবং নির্বাহী সহ-সভাপতি ও কর্পোরেট ব্যবসা প্রধান মাহমুদ আফসার ইবনে হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুপার স্টার গ্রুপ (এসএসজি) মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ভবিষ্যতেও পরিবেশকদের দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।


