
পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন সচল রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে রোববার সন্ধ্যায় সচিবালয়ে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে রোববার সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের কারণে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে গাজীপুরে বন্ধ ছিল শতাধিক কারখানা।
এদিকে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।


